ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের রায় বাস্তবায়ন না হলে এখান থেকেই নতুন আন্দোলনের সূচনা হবে। তিনি বলেন, “এই অগ্নিগর্ভ পরিস্থিতির যে শিখা জ্বলছে, তা রুখার মতো সাধ্য কারো থাকবে না।”
শনিবার (১১ এপ্রিল) বিকেলে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন মাওলানা আব্দুল জব্বার।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হতে পারে গুম কমিশন, সংস্কার কমিশন ও মানবাধিকার কমিশন বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, “এই পথ ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এখনই সেই পথ থেকে ফিরে আসতে হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ বিপুল সমর্থন দিয়ে গণভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। কিন্তু সংসদে এ নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধানের অজুহাতে জনগণকে নতুন কোনো চক্রান্তের দিকে ঠেলে দেওয়া যাবে না। আগামী সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান তিনি।
সমাবেশে তিনি বলেন, জনগণের রায়ই সর্বোচ্চ কর্তৃত্ব। এই রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করা হলে জনগণ আবারও রুখে দাঁড়াবে। তবে তিনি দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না চেয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।
এসময় প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইলিয়াস আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক নেতা হাফেজ আবদুল মোমিন প্রমূখ।

