নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
শুক্রবার (১৭ জুলাই) সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে তিনি এ দোয়ার আবেদন জানান।
ইকবাল হোসেন বলেন, “আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেব অসুস্থ। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও অসুস্থ। তাঁর সুস্থতার জন্যও সবাই দোয়া করবেন।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সেবক। আপনাদের ভোটের মাধ্যমে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। যতটুকু পেরেছি, আপনাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করেছি।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, “আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর আমি নানা নির্যাতনের শিকার হয়েছি। দেশের জন্য, জনগণের জন্য কথা বলেছি। এজন্য আমার বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাবন্দি রাখা হয়েছে।
এ সময় তিনি সাহেবপাড়া এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে ঋণী। কারণ, গত দুইবার সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। কিন্তু আমার নামে ৭৬টি মিথ্যা মামলা থাকায় দীর্ঘদিন এলাকায় থাকতে পারিনি। ফলে জনগণের জন্য পরিকল্পিত অনেক কাজ শেষ করতে পারিনি।
সবশেষে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে নিজের জন্যও দোয়া কামনা করে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি সবসময় আপনাদের সেবা করে যেতে পারি

