ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের পক্ষে একটি প্রতিনিধিদল সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজ পরিদর্শন করেছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত ডিএনডি প্রকল্পের আওতাধীন শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা পাম্প হাউজের সার্বিক কার্যক্রম, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা কমানো এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান এলাকার জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় শিমরাইল পাম্প হাউজের কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার দায়িত্ব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা এবং যুবদল নেতা মো. সাজ্জাদ হোসেনকে প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) সেলিম হোসেন দিপু, উপ-প্রকৌশলী মো. রাকিব হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, বিএনপি নেতা মো. সেলিম মেম্বার, মো. কবির হোসেন, নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাহবুব হোসেন, যুবদল নেতা মো. সাজ্জাদ হোসেন, নাসিক ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

