শিল্পায়ন ও বিনিয়োগে গতি আনতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একাধিক কর-সুবিধার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন। তার মতে, এ উদ্যোগ শিল্প স্থাপনে বিনিয়োগ ব্যয় কমাতে সহায়ক হবে।
বাজেটে উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনার প্রস্তাবও রাখা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থাকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া দেশীয় ভোজ্য তেল উৎপাদনকে উৎসাহিত করতে প্রথম পাঁচ বছর শতভাগ কর অব্যাহতি, পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং শেষ দুই বছর ২৫ শতাংশ কর ছাড় দিয়ে মোট ১০ বছরের কর-সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়াতে সৌরবিদ্যুৎ খাতের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এ খাতে ২০৩৫ সাল পর্যন্ত শূন্য শতাংশ করহার প্রস্তাব করা হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানিতে নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

