নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান অভিযুক্ত জাকিরের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে মাসদাইর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ জুলাই রাতে দুর্বৃত্তরা নির্মমভাবে ব্যবসায়ী মোতালেব হোসেনকে হত্যা করে। পরে তার মরদেহ তোশকে মুড়িয়ে জামতলা এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সমাবেশে নিহতের মেয়ে আশা আক্তার আবেগঘন বক্তব্যে তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে মাসদাইর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন, মো. রবিউলসহ অন্যান্য বক্তারা প্রধান অভিযুক্ত জাকিরকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফতুল্লা আদালত চত্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

