ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে প্রশাসন, বাস মালিক সমিতি ও আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। বৈঠকে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণের বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে পূর্বঘোষিত ৬ অক্টোবরের অর্ধদিবস সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি আপাতত স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আগামী ৭ অক্টোবরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে নতুন করে আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কক্ষে টানা প্রায় তিন ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে নীতিগত সমঝোতার বিষয়টি জানানো হয়।
এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া নিয়ে কয়েক দফা বৈঠক হলেও সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে সমঝোতা হয়নি। গত ৩০ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণের বিষয়ে ঐকমত্য হলেও সাধারণ যাত্রীদের ভাড়া কত হবে, তা নিয়ে মতপার্থক্য থেকে যায়। পরবর্তী সময়ে দফায় দফায় আলোচনা হলেও সংকটের সমাধান না হওয়ায় ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’-এর ব্যানারে সাতটি ছাত্র সংগঠন ৬ অক্টোবর অর্ধদিবস অবরোধের ঘোষণা দেয়।
সোমবারের বৈঠকে যাত্রীদের স্বার্থ ও পরিবহন মালিকদের ব্যবসায়িক বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণের বিষয়ে বাস মালিকরা ছাড় দিতে সম্মত হন। আলোচনার একপর্যায়ে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়ার বিষয়ে নীতিগত অবস্থান তৈরি হয়।
বৈঠক শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যাত্রীসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, বিআরটিএ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিরা ৭ অক্টোবর পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসনে নীতিগত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এবং বাস মালিকদের ব্যবসায়িক স্বার্থ—দুই দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বাস মালিকরা বিষয়টি নিয়ে অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার জন্য সময় চাওয়ায় ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু ভাড়া নির্ধারণ নয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি বাসের সংখ্যা এবং ট্রেনে বগি বাড়ানোর দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়। বিভিন্ন ছাত্র ও যাত্রী সংগঠন সরকারি নির্ধারিত ভাড়ার মধ্যে বাস চালানো এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সংঘাত বা সড়ক অবরোধের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান চান। তবে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য যৌথ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না এলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৈঠকে বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের প্রতিনিধি, বিভিন্ন পরিবহন সংস্থার পরিচালক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

