আর্জেন্টিনা দলকে শেষ কবে এমন ছন্নছাড়া খেলতে দেখা গেছে, তা হয়তো ভুলতে বসেছিল সমর্থকরা। যদিও কেপ ভার্দের সঙ্গে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে দল। কিন্তু ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি মেসি। দলের খেলোয়াড়দের ভেতর সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেন তিনি।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে মেসি বলেন, ‘আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। আমরা সমস্যায় পড়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ঠিক ছিল না। আর প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি।’
মেসি বলেন, ‘এই জাতীয় দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে, তারা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করবে। আজ সেট পিস থেকে গোলের গুরুত্ব ছিল, যেটা আমরা আগে কাজে লাগাতে পারছিলাম না। এমন ম্যাচে এটা গুরুত্বপূর্ণ। আমাদের ভালো হেডার আছে, সামনে ভালো খেলছে এমন লোকজনও আছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা এটার সুবিধা নিতে পেরেছি, আর এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই আমরা অনেক দিন ধরে এই বিষয়ে কাজ করছি। এমন প্রতিযোগিতায় এটা গুরুত্বপূর্ণ।’
এরপর নিজেদের সমালোচনা করে মেসি বলেন, একশ বিশ মিনিট ধরে কীভাবে কেপ ভার্দে তাদের বিপাকে ফেলেছিল। তিনি বলেন, ‘আমরা ভালোভাবে প্রেস করতে পারিনি, আমরা যখন ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাকের দিকে ঝাঁপ দিতে চেয়েছি, তখন লাইনগুলো অনেক দূরে ছিল, সেন্টার-ব্যাকদের জন্য সেটা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’
রোজারিওর এই তারকা বলেন, তারা জানতেন এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কেপ ভার্দের সাম্প্রতিক ম্যাচগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘এমনি এমনি তো এই দল স্পেন আর উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, প্রথম গোল পেয়েছি, আর ভেবেছিলাম এরপর আমরা আমাদের খেলাটা খুঁজে পাব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে পড়েছি, ভালোভাবে প্রেস করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘তারা তাদের অস্ত্র দিয়েই লড়াই করেছে। আমরা জানতাম এটা কঠিন হবে। এটা নকআউট, কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না। যদিও আমরা নামের ভিত্তিতে দলগুলোকে বিচার করি, আমরা জানতাম এটা মোটেই সহজ হবে না। এবারের বিশ্বকাপ তো এটাই বলে দিচ্ছে আপনাকে। এটা খুবই সমান লড়াইয়ের, খুবই জটিল। সব ম্যাচই খুব কঠিন হতে যাচ্ছে। আজ আমরা যথারীতি অনেক পরিশ্রম করেছি, ভালো খেলি বা খারাপ খেলি। এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো বের করা। সেগুলো আছে, কারণ আমরা ভালো কিছু কাজও করেছি। আর খারাপ দিকগুলো ঠিক করা, যেগুলো আমার মনে হয় আজ অনেক বেশি ছিল।’
কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর এবং অতিরিক্ত সময়ে গিয়ে নিষ্পত্তি হয়। প্রথমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে দেরয় দুয়ার্তে সমতা ফেরান।
অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কাবরালের দুর্দান্ত গোলে কেপ ভার্দে আবার সমতায় ফেরে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দিনেই বোর্হেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দল কষ্ট করলেও শেষ পর্যন্ত পৌঁছে গেছে শেষ ষোলোতে। এবার তাদের প্রতিপক্ষ মিশর, যারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পর্বে উঠেছে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই আটলান্টায় হবে এই লড়াই।

