নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুইটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত বিধিমালা লঙ্ঘন করে বায়ুদূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
অভিযানে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংয়ের ম্যানেজার মো. রেজাউল করিমকে বায়ুদূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই এলাকার এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার বিষয়টি সামনে আসে।
অভিযানে র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। যারাই পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানে সস্তাপুরসহ শিল্পঘন নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় পরিবেশদূষণ নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

