নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি পরিত্যক্ত দুইতলা ভবনের পেছন থেকে আয়ুব হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে কাঁচপুর সাগর পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়ুব হোসেন সোনারগাঁ থানার উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সোনারগাঁ থানা পুলিশের ডিউটি অফিসারের সরকারি মোবাইল নম্বরে ফোন করে জানানো হয়, কাঁচপুর সাগর পাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত দুইতলা ভবনের পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। পরে কাঁচপুর এলাকায় মোবাইল-৭ ডিউটিতে থাকা এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে। পরে নিহত আয়ুব হোসেনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর আবাসিক মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

