ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উৎসব। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে শহরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। এতে শিশু, কিশোর, তরুণ এবং প্রবীণসহ বিভিন্ন বয়সী সমর্থকরা অংশ নেন।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিধান করেন। অনেকের মুখ ও হাতেও ছিল আর্জেন্টিনার পতাকার রঙের আঁকিবুঁকি। সমর্থকদের কেউ বহন করেন বিশাল আকারের জাতীয় পতাকা, আবার কেউ হাতে নেন তারকা ফুটবলার লিওনেল মেসি ও দলের অন্যান্য খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার।
পুরো আয়োজনজুড়ে ভুভুজেলার শব্দ, স্লোগান, গান এবং নাচে মুখর হয়ে ওঠে শহরের পরিবেশ। আকাশি রঙের স্মোক বোম্বের ব্যবহারে শোভাযাত্রায় যোগ হয় বাড়তি উৎসবের আবহ।
বিশেষভাবে নজর কাড়ে শিশু সমর্থকদের উপস্থিতি। ছোট ছোট শিশুরা আর্জেন্টিনার জার্সি পরে নাচ-গান ও উল্লাসে অংশ নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শোভাযাত্রায় অংশ নেওয়া পারভেজ মল্লিক বলেন, বিশ্বকাপ কেবল খেলার আয়োজন নয়, এটি মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তিনি বলেন, বিভিন্ন দলের সমর্থক থাকলেও সবাই যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করেন এবং খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
অপর সমর্থক তাপস সাহা বলেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল। মেসির অনুপ্রেরণায় দলটি এবারও দারুণ পারফরম্যান্স করবে এবং শিরোপা ধরে রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রা আয়োজনে সক্রিয় ছিলেন স্বপন দাস, তাপস দাস, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবুসহ আর্জেন্টিনা সমর্থকগণ।

