জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, ছাত্রহত্যার মামলাগুলোর বিচার ত্বরান্বিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাড়ায় আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার।
তিনি বলেন, “বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়। কারণ তারা মনে করে, বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হলে তাদের লাভ হবে। তবে আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের আপার এ দেশে ফিরে আসার সুযোগ নেই।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদে নতুন বিল আনতে হবে। অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু কর্মকাণ্ডে “ফ্যাসিবাদী চরিত্রের” বহিঃপ্রকাশ ঘটছে। আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির কর্মীদের দায়ী করে তিনি এর নিন্দা জানান।
দুর্নীতির প্রসঙ্গ তুলে আব্দুল জব্বার বলেন, বিএনপির মহাসচিবও সম্প্রতি স্বীকার করেছেন যে দেশে এখনো দুর্নীতি বিদ্যমান। তিনি প্রশ্ন রেখে বলেন, “নিজেদের ভেতরে দুর্নীতিবাজদের রেখে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া সম্ভব নয়।”
নারায়ণগঞ্জে ছাত্রহত্যার ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে তিনি বলেন, শামীম ওসমানসহ ছাত্রহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকলেও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংবিধান ও আইনের আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

