ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের পিতা, বিশিষ্ট সমাজসেবক মরহুম দৌলত খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ সাকিম আলী মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম দৌলত খানের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে উপস্থিত মুসল্লি, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন। এসময় বক্তারা বলেন, দৌলত খান একজন সৎ, মানবিক ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি জীবদ্দশায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও মানবিক কাজে অবদান রেখেছেন। তার কর্মময় জীবন আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণে শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মরহুম দৌলত খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসময় কবির খান, জাকির খান, মামুন খান, জিকু খানসহ পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

