ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (৭ জুন) শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক এ সংক্রান্ত অনুমোদন প্রদান করেন।
নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কাউসার আশা। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. মিরাজ মিয়া এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হারুণ অর রশিদ।
জানা গেছে, দেড় শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আবুল কাউসার আশার রয়েছে গভীর সম্পর্ক। তিনি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তার এ দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

