ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু বাস্তবায়নের উদ্যোগ নতুন করে গতি পাচ্ছে। এ লক্ষ্যে চীন সরকারের মালিকানাধীন চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জে এসে সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেছে।
সোমবার (১ জুন) দুপুরে প্রতিনিধিদলের সদস্যরা বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন। এর আগে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং আধুনিক পানি পরিশোধন প্লান্ট স্থাপন।
পরে চীনা প্রতিনিধিদল শীতলক্ষ্যা নদীর তীরে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় গিয়ে সেতুর সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত নবীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিন বাস্তবায়নের অপেক্ষায় থাকা এ সেতু প্রকল্প আবারও আলোচনায় আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

