নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের বিবি রোডে অবস্থিত ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এনসিপি ও ছাত্রশিবির নেতাদের দাবি, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তারা আগে থেকেই ওই বৈঠকের বিষয়ে তথ্য পেয়েছিলেন এবং বিভিন্ন স্থানে নজরদারি চালাচ্ছিলেন।
শিবিরের মহানগর সভাপতি অমিত হাসান জানান, প্রথমে বালুরমাঠ এলাকার একটি রেস্টুরেন্টে বৈঠকের পরিকল্পনা ছিল। বিষয়টি জানতে পেরে তারা দুপুর থেকেই তৎপর ছিলেন। পরে সংশ্লিষ্টরা স্থান পরিবর্তন করে অন্য একটি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে পুলিশ তিনজনকে আটক করে।
এদিকে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, তাদের তৎপরতার কারণেই বৈঠকটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হতে পারেনি। স্থান পরিবর্তনের পরও বিভিন্ন রেস্টুরেন্টে নজরদারি অব্যাহত রাখা হয়।
অন্যদিকে সাজেদুর রহমান বলেন, আটক তিনজনের পরিচয় ও তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

