ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিল। নির্বাচন কমিশন এদিন বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছে, ক্যাটাগরি-১ থেকে ১৯ জন ক্যাটাগরি-২ থেকে ১৯ জন এবং ক্যাটাগরি ৩ থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ক্যাটাগরি-১ থেকে ৮ জন, ক্যাটাগরি ২ থেকে ১৪ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ দেয়া স্ট্যাটাসে ক্যাটাগরি-৩ থেকে মনোনয়নপত্র কেনার ব্যাপারটি নিশ্চিত করেন বিদ্যুৎ। তবুও আইনি কারণে এখনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলার অবকাশ নেই। কারণ তার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলেই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া সম্ভব। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ সকল পরিচালক পদপ্রার্থীর রয়েছে। তাই বিদ্যুতের নিয়ে সরাসরি ঘোষণা দিতে নারাজ কমিশন। এমনকি সংবাদ সম্মেলনে তার মনোনয়নপত্র নেয়ায় ঘটনাটিও প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ জহিরুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাফ করবেন। আমরা নাম না বলি, কালকে আমরা পুরোটা বিস্তারিতভাবে বলি। আমার পুরো বিষয়টাই ভুল হতে পারে। আমি এই ধরণের, মানে এত খুঁটিনাটি বিষয়গুলো বলার জন্য প্রস্তুত নই।’
‘আমি এটা এখনই বলছি না। কারণ যাচাই-বাছাই তালিকা হবে। সেখানে অনেক ভালো-মন্দ দিক রয়েছে। আপনি যখন গ্রহণ করেছেন, তারটা যে বৈধ নাকি অবৈধ- অনেক কিছু তো রয়েছে। আমি কীভাবে এই সব বিষয় বলি? এটা তো আমার জন্য মানে সঠিক সময় না। আমার তো অনেকগুলো প্রক্রিয়া এখনো পরিচালনা করা বাকি আছে।’

