ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঈদের অন্তত সাত দিন আগে সকল শ্রমিকের পূর্ণ ঈদ বোনাস, মে মাসের সম্পূর্ণ বেতন ও বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
সংগঠনের সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ যৌথ বিবৃতিতে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কর্মসূচি সফল করতে সকল গার্মেন্টস শ্রমিককে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
তারা আরও বলেন, বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং নেতাকর্মীদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে।
একই সঙ্গে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

