ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উচ্ছেদ কার্যক্রমে হামলার ঘটনায় অজ্ঞাত দেড় শতাধিক হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নাসিকের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকারদের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শিপন, হাসান, হাবিব, হরি, ফাহাদ, জাহাঙ্গীর, রুহুল আমিন, ইউসুফ, রমজান ও নূর আলমসহ নাসিকের একাধিক উচ্ছেদ কর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও হাতঘড়িও ছিনিয়ে নেয়।
এজাহারে হকার নেতা শাহাজাহান, রনি, সাইফুল, আলাউদ্দিন, মনির, মানিক, আরিফ, রাকিব, সজল ও হাকিমের নাম উল্লেখসহ আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত হকারকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে হামলার ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর নাসিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে চাষাঢ়া এলাকায় যেতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা মুখ চিনে রেখে আবারও হামলার হুমকি দিচ্ছে।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার পরদিনও হকাররা চাষাঢ়া এলাকায় ফুটপাত দখল করে স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। প্রশাসনের নির্দেশনাকেও তারা উপেক্ষা করছে বলে অভিযোগ উঠেছে।

