ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, সাংবাদিকতা, চিকিৎসা ও শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশাগুলোর মর্যাদা ও পবিত্রতা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সততা, দায়িত্ববোধ ও নৈতিক অবস্থানের ওপর। সৎ ও জনমুখী ভূমিকা থাকলে এসব পেশা সমাজে সম্মানিত হয়, আর বিপরীত চর্চা এগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
সোমবার (১১ মে) বিকেলে নগরীর বালুর মাঠ এলাকার একটি রেস্তোরাঁয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিউর রাব্বি বলেন, বিগত সময়ে দেশের সাংবাদিকতায় যেমন সাহসী ও প্রতিবাদী ভূমিকার নজির দেখা গেছে, তেমনি কিছু ক্ষেত্রে ক্ষমতাসীনদের তোষণ ও বিতর্কিত কর্মকাণ্ডও মানুষের সামনে এসেছে। তিনি উল্লেখ করেন, অনেক সংবাদমাধ্যম ও সাংবাদিক ওসমান পরিবারের দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলা ও চাপের মুখে পড়েছেন। আবার কেউ কেউ দীর্ঘদিন ক্ষমতাকেন্দ্রিক অবস্থানে থেকেছেন।
তিনি আরও বলেন, নতুন কোনো গণমাধ্যমের প্রকৃত মূল্যায়ন সময়ের সঙ্গে হয়। একটি সংবাদমাধ্যম কতটা জনস্বার্থ, সত্য ও বস্তুনিষ্ঠতার পক্ষে কাজ করবে, সেটিই শেষ পর্যন্ত মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে।
নারায়ণগঞ্জকে একটি গুরুত্বপূর্ণ ও সংকটময় জনপদ উল্লেখ করে তিনি বলেন, সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতা করা গেলে এ অঞ্চলের বহু সমস্যা ও সংকট সমাধানে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি মো. সুজিত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাশুকুল ইসলাম রাজীব, আবু আল ইউসুফ খান টিপু, মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, আবদুল জব্বার, মুফতি মাছুম বিল্লাহ, আফজাল হোসেন পন্টি, শরিফ উদ্দিন সবুজ, আহসান সাদিক, ইশতিয়াক আহমেদ, যুবায়ের আহমেদ সরদার, নিয়াজ মাসুম, আজিজুল ইসলাম রাজীব এবং অঙ্কন রানা প্রমুখ।

