ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সরকারি তোলারাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি ইতিহাস ও নেতৃত্ব তৈরির অন্যতম কেন্দ্র। এখান থেকে বহু গুণী ব্যক্তি, জনপ্রতিনিধি ও নেতৃত্ব উঠে এসেছে, যা নারায়ণগঞ্জের জন্য গৌরবের বিষয়।
শুক্রবার (৮ মে) দুপুরে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদিও তিনি তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন না, তবুও কলেজটির সামনে দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের চোখেমুখে ভবিষ্যতের স্বপ্ন ও আশার প্রতিফলন দেখতে পেতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিপু ভূঁইয়া বলেন, “এই কলেজ থেকে অতীতে এমপি, মন্ত্রী ও সিটি মেয়রের মতো নেতৃত্ব তৈরি হয়েছে। ভবিষ্যতেও তোমাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব উঠে আসবে বলে আমরা প্রত্যাশা করি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, তোলারাম কলেজের শিক্ষার্থীরা কখনও বিশৃঙ্খলা চায় না। কিছু স্বার্থান্বেষী মহল নানা ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার পরিবেশ ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর পেছনে পরিবারের অনেক ত্যাগ ও প্রত্যাশা জড়িয়ে থাকে। মা-বাবার কষ্ট ও স্বপ্নকে সম্মান জানিয়ে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে জনপ্রতিনিধিরা পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

