ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের সম্ভাব্য যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতাদের এনসিপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।
এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, অতীতে কেউ ছাত্রদল, শিবির বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা, সেটি বড় বিষয় নয়। তবে দলে যোগ দিলে সবাইকে এনসিপির আদর্শ মেনে সংগঠক হিসেবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদে সম্পৃক্ত, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি দলের সদস্য হতে পারবেন না।
অন্যদিকে, বিএনপির শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের জন্যও এনসিপির দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কয়েকজন নেতা। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৪ আসনের শাহ আলম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মুহাম্মদ গিয়াসউদ্দিন ও রেজাউল করিম। এসব কারণে বিএনপি তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কার করে।
তবে রূপগঞ্জের দুলাল হোসেন নির্বাচনের আগে সরে দাঁড়ানোয় তার বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা খন্দকার তৈমুর আলম খন্দকারও বহিষ্কৃত হন। ফলে এসব নেতার বিএনপিতে ফেরার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতারা জানিয়েছেন, বিএনপির বহিষ্কৃত নেতাদের দলে নিতে তারা আগ্রহী। জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার বলেন, আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন—এমন নেতারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তবে তাদের অবশ্যই পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হতে হবে এবং কোনো মামলায় জড়িত থাকা যাবে না।
একই সুরে কথা বলেন জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ। তিনি বলেন, যে কোনো দল বা পেশার মানুষ এনসিপিতে যোগ দিতে পারবেন, তবে ফ্যাসিবাদের দোসর বা সহিংসতায় জড়িতদের জন্য দলে কোনো স্থান নেই। বিএনপির বহিষ্কৃত নেতারা যদি নতুনভাবে রাজনীতি শুরু করতে চান, তাহলে এনসিপি তাদের সেই সুযোগ দিতে প্রস্তুত।
এদিকে, নারায়ণগঞ্জে বিএনপির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আপাতত তারা কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি। আগামী এক বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা। তবে এর আগে যদি বিএনপি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, তাহলে তারা দলেই ফিরে যেতে আগ্রহী।

