ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহান মে দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১ মে) সকাল ১০টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, আইন ও দরকষাকষি সম্পাদক নূর ইসলাম আক্তার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের শিকাগোর হে-মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকারের দাবিতে আত্মত্যাগের মধ্য দিয়েই এ দিবসের সূচনা।
তারা অভিযোগ করেন, মে দিবসের ১৪৯ বছর পরও বাংলাদেশের শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কর্মদিবস ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অনেকেই শোষণ, নির্যাতন এবং বৈষম্যের শিকার হচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পে লাখো শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিক, গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের বড় একটি অংশ এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত।
তারা রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করে বলেন, শ্রমিকের জীবনকে অবহেলা করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। এখনও অনেক কারখানায় শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন হয় না এবং ন্যায্য দাবি তুললে শ্রমিকরা হয়রানি ও চাকরিচ্যুতির শিকার হন।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সীমিত আয়ে বাসাভাড়া, চিকিৎসা, সন্তানের শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সমাবেশ থেকে শ্রমিকদের জন্য জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আবাসন, মাতৃত্বকালীন সুবিধা, সামাজিক সুরক্ষা এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

