ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করেছে র্যাব। তিনি উপজেলার ভবানীপুর এলাকার আজাদুল মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কায়েমপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী শিশু পাশের বাড়ি থেকে গরুর দুধ আনতে গিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার হয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরে অসুস্থ শিশুটিকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৫ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

