ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগের বিচার চাইতে গিয়ে উল্টো নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় ভুক্তভোগীর চুল কেটে দেওয়ার অভিযোগে বাড়িওয়ালা বাবুল মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলহর এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ৩৭(৪)২৬।
ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে আদালতে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
তার অভিযোগ, গত ১৭ এপ্রিল সকাল ১১টার দিকে বাড়ির মালিক বাবুল মিয়া তাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে মালিক একাই ছিলেন। এক পর্যায়ে কাজ করার সময় তাকে একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তিনি বাড়ির মালিকের স্ত্রীর কাছে বিচার দাবি করলে উল্টো তাকে মারধর করা হয়। এ সময় অভিযুক্ত স্বামী-স্ত্রী মিলে তার মাথার চুল কেটে দেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

