বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। নিখোঁজ হওয়ার পর থেকেই সাইদুরের ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জানান, শুক্রবার সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে সাইদুর রহমান নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে থানায় সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। নিখোঁজ ছাত্রনেতার সন্ধান পেতে পুলিশ ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, নিখোঁজ সাইদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ছাত্র-জনতার আন্দোলনে অন্যতম নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছিলেন।

