নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের আশঙ্কায় রাতের বেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও পাড়া-মহল্লায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে জালকুড়ি বাসস্ট্যান্ড, জালকুড়ি কড়ইতলা এবং আশপাশের বিভিন্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত ও বিশেষ সহকারী সেলিম হোসেন দিপু, সেলিম শেখ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মোক্তার হোসেন, মাসুম, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক মনির হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ আলী, মহারাজ, আবুল কালাম, সেলিম আলী আজম, তনু পাগলা, ঋতু, শ্যামল ও রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে মাসুদুর রহমান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় দিন ও রাতে আমরা সড়কে অবস্থান করছি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছি। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

