নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলা পঞ্চায়েতের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মো. সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বর্তমান সরকার শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নতুন কুঁড়ি আয়োজন করা হয়েছে এবং স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য তৈরি হয়। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় তিনি আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আরও দুটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পঞ্চায়েতের সদস্য, ক্লাবের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

