নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় মো. আলম (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী ২০০৪)-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী গ্রামের মৃত আ. রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার রহিম মার্কেটসংলগ্ন ইউসুফ হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ এপ্রিল মিজমিজি এলাকায় আলমের ভাড়া বাসায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৯৬ হাজার টাকা।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মেদ বাদী হয়ে মামলা করেন। একই দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি নথিভুক্ত হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে প্রায় নয় বছর পর সোমবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

