নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষকদলের কমিটি গঠনের মাত্র চার মাসের মাথায় বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। যুবক আবু ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সভাপতি জুয়েল আরমানকে বহিষ্কার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে ঘিরে মাদক সংশ্লিষ্টতা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ সব মিলিয়ে সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা শাখার কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত নারায়ণগঞ্জ জেলার অধীন ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। তবে কমিটি বিলুপ্তির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গত ২৫ জুলাই ফতুল্লার ডিআইটি মাঠে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আট সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া কমিটি ঘোষণা করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ঘোষিত কমিটিতে জুয়েল আরমান সভাপতি, সুমন আহমেদ সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইব্রাহিম সিনিয়র সহসভাপতির দায়িত্ব পান। সহসভাপতি করা হয় মুসলিম উদ্দিন মুসা ও সোহেলকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হন আইয়ুব খান আরিফ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান কাউসারুল আলম ও জহিরুল ইসলাম রবিন।
এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর জুয়েল আরমানকে আহ্বায়ক ও সুমন আহমেদকে সদস্যসচিব করে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে মোহাম্মদ ইব্রাহিম ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে গত ১৭ নভেম্বর আবু ইউসুফ (২৫) নামে এক গাড়িচালক হত্যাকাণ্ডের শিকার হন। ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি অপহরণ মামলার শুনানি শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কৃষকদল নেতা জুয়েল আরমানসহ কয়েকজন আহত হন।
এরপর রাতে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে জুয়েল আরমান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন ১৮ নভেম্বর দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল আরমানকে কৃষকদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে ঘিরেও সম্প্রতি নানা অভিযোগ সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে তাঁর উপস্থিতির ছবি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার আটক হওয়া এবং মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
একদিকে সভাপতির বহিষ্কার, অন্যদিকে কমিটির গুরুত্বপূর্ণ নেতাকে ঘিরে বিতর্ক এমন পরিস্থিতিতে জুয়েল আরমানকে বহিষ্কারের পাঁচ দিনের মাথায় পুরো ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত করল কেন্দ্রীয় সংসদ। ফলে ফতুল্লায় কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম নতুন করে সাজানোর পথে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

