ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অতি রক্ষণশীল সামাজিক নীতি থেকে ধীরে ধীরে সরে আসার অংশ হিসেবে সৌদি আরব নীরবে অ্যালকোহল বিক্রির পরিধি বাড়িয়েছে। দেশটিতে থাকা ধনী অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য একমাত্র বৈধ অ্যালকোহল বিক্রয়কেন্দ্রে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও সিদ্ধান্তটি ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং বিষয়টি কূটনৈতিক ও প্রবাসী মহলে ছড়িয়ে পড়েছে।
নতুন ব্যবস্থার ফলে রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত অচিহ্নিত ও কঠোর নিরাপত্তায় পরিচালিত ওই দোকানের সামনে গাড়ি ও ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। দোকানটি ২০২৪ সালের জানুয়ারিতে চালু হলেও সে সময় এটি শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য সীমাবদ্ধ ছিল।
সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন ‘প্রিমিয়াম রেসিডেন্স’ সুবিধাপ্রাপ্ত অমুসলিম বিদেশি নাগরিকরাও এখান থেকে অ্যালকোহল কিনতে পারবেন। এই বিশেষ আবাসন সুবিধা সাধারণত উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী, বড় বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের দেওয়া হয়ে থাকে।
ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরবে ১৯৫০-এর দশকের শুরু থেকেই অ্যালকোহল নিষিদ্ধ। বিশ্লেষকদের মতে, সীমিত পরিসরে ও কঠোর নিয়ন্ত্রণের আওতায় এই বিক্রয় কার্যক্রম ভবিষ্যৎ নীতিগত পরিবর্তনের একটি পরীক্ষামূলক উদ্যোগ হতে পারে।
দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও বাদশাহ সালমান সৌদি আরবকে বৈশ্বিক বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাচ্ছেন। এর লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বহুমুখী অর্থনীতি গড়ে তোলা।
এই সংস্কারের অংশ হিসেবে সৌদি আরব ইতোমধ্যে সিনেমা হল চালু করেছে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে এবং আন্তর্জাতিক মানের সংগীত উৎসব আয়োজন করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, রাজনৈতিক মতপ্রকাশ ও ভিন্নমতের ওপর এখনো কঠোর নিয়ন্ত্রণ বজায় রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাধারণ সৌদি নাগরিকদের জন্য এখনো অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধই রয়েছে।

