নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার পুষ্পধাম আশ্রমে দুই দিনব্যাপী সাধুসঙ্গ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজন শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সমাপ্ত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় লালন আখড়ার মুরুব্বি ও পুষ্পধাম আশ্রমের সভাপতি ফকির নিহার শাহ বলেন, লালনের মানবতাবাদী আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলেই সমাজ ও দেশ থেকে অন্ধকার, কুসংস্কার এবং বিভেদ দূর করা সম্ভব। মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির চর্চাই পারে মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালিত করতে।
দুই দিনব্যাপী এ সাধুসঙ্গে কুষ্টিয়াসহ দেশ-বিদেশের ভক্ত ও সাধকরা অংশ নেন। আয়োজনের মধ্যে ছিল সংগীত পরিবেশন, ফকির লালন সাঁইয়ের স্মরণে আলোচনা, গুরু কর্ম, বাল্যসেবা, পূর্ণসেবা, বিদায়ী প্রণামসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।
সাধুসঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণকারী লালন সাধক ও গবেষক দেববরা জান্নাত, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশিবুল দেওয়ানসহ স্থানীয় ভক্ত, সাধক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দুই দিনব্যাপী এ আয়োজন ঘিরে আশ্রম প্রাঙ্গণে ভক্ত-সাধকদের মিলনমেলা ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

