২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের গুলিতে নিহত শহীদ শাওনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
সোমবার (১ সেপ্টেম্বর) শহীদ শাওনের কবর জিয়ারত শেষে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন খোরশেদ। এ সময় তিনি শাওনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা শওকত খন্দকার, রানা মুন্সি, রাসেল আহমেদ মনির, মো. মিঠু, কুতুবউদ্দিন, নাহিদ পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।
শহীদ শাওনের স্মৃতিচারণ করে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “শাওনের কাছে আমরা ঋণী। শাওনের মতো নেতাকর্মীদের আত্মত্যাগের ফলেই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাদের ত্যাগ ও সাহস আমাদের রাজনৈতিক সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তিনি বলেন, শাওনের পরিবারের পাশে বিএনপির নেতাকর্মীরা সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। একই সঙ্গে শাওনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাওনের পরিবারের সদস্যরা এ সময় তার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। নেতাকর্মীরা শহীদ শাওনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

