পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাচ্ছেন ৩০ টাকা দরে ১০ কেজি চাল। শুক্রবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা লাইন ধরে গার্মেন্টস কার্ড দেখিয়ে চাল কেনেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কম দরে চাল পেয়ে খুশি শ্রমিকরা। তাদের দাবি, চালের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় তেল, চিনি, ডালসহ আরও কয়েকটি পণ্য যুক্ত করলে সংসার চালাতে পারতেন তারা। জেলা প্রশাসক রায়হান কবির জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০টি স্থানে পোশাক শ্রমিকদের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে আগামী তিন মাস চলবে। তিনি বলেন, শুক্রবার দ্বিতীয়বার চাল বিক্রি হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বৃষ্টির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলেছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রি করা হয়েছে।একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবেন। পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে ওএমএসের চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন জানান, পোশাক শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হয়েছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

