নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ভেঙে ছিটকে পড়ে এবং আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৫), সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, ঘরের ভেতরে আগুন জ্বলছে। বিস্ফোরণে দরজা ও জানালা ভেঙে ছিটকে পড়ে। ঘরের আসবাবপত্রও আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এক প্রতিবেশীর দাবি, বিস্ফোরণের পর ফ্ল্যাটে গিয়ে রান্নার চুলার গ্যাসের সুইচ খোলা দেখতে পান তিনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, রান্নাঘরের গ্যাস লাইনের সুইচ খোলা ছিল, তবে ওই সময় লাইনে গ্যাস সরবরাহ ছিল না। রাতে গ্যাস সরবরাহ চালু হলে খোলা সুইচ দিয়ে গ্যাস বের হয়ে পুরো ফ্ল্যাটে জমে যায়। ভোরে চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন।
তিনি জানান, গ্যাস জমে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রান্না শেষে চুলার সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

