বাংলাদেশকে আধুনিক, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাদ আছর শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে তারেক রহমান যে পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়নে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক বিভেদ ভুলে সংগঠনের শক্তি বাড়ানোর পাশাপাশি দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিস্টদের কিছু লোক এখনো বিভিন্নভাবে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নারায়ণগঞ্জের মানুষ ইতোমধ্যে তাদের অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা দেখা দিলে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ যেন অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। এমন কোনো কাজে অংশ নেওয়া যাবে না, যার কারণে দেশের ক্ষতি হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয় কিংবা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়। প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকতে হবে।
বিএনপির সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মহানগর বিএনপির এই আহ্বায়ক বলেন, দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই বিএনপিকে দুর্বল করতে পারবে না। ঐক্য ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

