নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের একটি সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও জেলা জাসাসের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম মানিক।
বক্তব্যে শাহ আলম মানিক বলেন, লকডাউনের নামে দেশজুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। নারায়ণগঞ্জের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক রয়েছেন। ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসসহ সব সংগঠনের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. হানিফ ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য আব্দুল্লাহ প্রধান ও শাহ আলম, নাসিক ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বাবুল, ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান, ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সহসভাপতি সুমন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

