নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় সনদ ছাড়াই মশার কয়েল তৈরি, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এ জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মশার কয়েল উৎপাদন ও বাজারজাতের ক্ষেত্রে প্রয়োজনীয় মানসনদ এবং পণ্য মোড়কজাতকরণ সনদ না থাকার বিষয়টি সামনে আসার পর প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সালেহা ট্রেডিং নামের প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের মানসনদ ও মোড়কজাতকরণ সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আর জে প্রোডাক্টস নামের কয়েল প্রস্তুত ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান এবং ইশিকা এন্টারপ্রাইজ নামের বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় মোড়কজাতকরণ সনদ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত। এ সময় পরিদর্শক মো. শাহজাহান ও মো. আরিফ হোসেন আসিফ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপে অনিয়ম বন্ধ করতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

