বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে আরও সম্প্রসারণ করতে পোশাকশিল্পের পাশাপাশি নতুন নতুন সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব। তিনি বলেছেন, পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে বহুমুখী সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের শক্তিশালী অবস্থান ও সুনাম রয়েছে। তবে রপ্তানি খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে হলে প্রচলিত পণ্যের বাইরে নতুন নতুন খাতের সম্ভাবনা কাজে লাগাতে হবে। শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের পরিচিতি বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, এবারের প্রদর্শনীতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল ও আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
এ ধরনের আয়োজন দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
খালেদ হোসেন মাহবুব বলেন, প্রদর্শনীতে আয়োজিত বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা এবং বিভিন্ন কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এর ফলে ব্যবসায়িক অংশীদারত্ব ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

