জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অবশ্যই গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে এক বৈঠকের পর সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেন।
সিএনএনকে দওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি বিশ্বাস করি সে একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনের মানুষদের গণহত্যার একজন ঘৃণ্য কারিগর। তিনি আরও জানান, নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও তার আলোচনা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
বেশ কয়েক মাস ধরেই নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়ে আসছেন জোহরান মামদানি।
নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি হওয়া গ্রেফতার ওয়ারেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি আইন লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতই নেতানিয়াহুকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করে, তবে এটার বিরুদ্ধে যাওয়ার আমরা কে? আমি মনে করি সবাইকেই আইনের আওতায় আনা উচিত।
তবে, ইসরায়েল বরাবরই গাজায় গণহত্যা চালানোর বিষয়টি অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, তারা তাদের চলমান অভিযানে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, হামাস সদস্যরা ওই এলাকার বাসা-বাড়ি ও হাসপাতালে লুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

