উয়েফা নেশন্স লিগে নিজেদের শীর্ষ স্তরের অবস্থান ধরে রাখার আশায় বড় ধাক্কা খেয়েছে ওয়েলসের। ওসলোতে নরওয়ের কাছে ৩-১ গোলে হেরে অবনমন প্লে-অফের শঙ্কায় পড়েছে ক্রেইগ বেলামির দল।
প্রথমার্ধে গোল না হলেও আক্রমণে তুলনামূলক ভালো ছিল ওয়েলস। তৈরি করেছিল গোলের সুযোগও। কিন্তু বিরতির পর ম্যাচের প্রথম লক্ষ্যে রাখা শট থেকেই গোল পেয়ে যায় নরওয়ে। ঘণ্টার খানেক পর বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন আন্তোনিও নুসা।
এরপর ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা দলটি। নুসা ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আরলিং হালান্ডের সমন্বয়ে বদলি হিসেবে নামা আন্দ্রেয়াস শেলদেরুপ সহজেই বল জালে পাঠান।
ডেভিড ব্রুকস বদলি হিসেবে নেমে দারুণ চিপ শটে গোল করে ওয়েলসকে ম্যাচে ফেরানোর আশা জাগান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শেলদেরুপকে ফাউল করে পেনাল্টি উপহার দেন কনর রবার্টস। স্পট কিক থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন হালান্ড।
এক মাস আগে কার্ডিফে ওয়েলসের কাছে হারের প্রতিশোধ নিয়ে গ্রুপ এ৪-এ ওয়েলসকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে নরওয়ে। ফলে গ্রুপের তলানিতে থেকেই লিগ পর্ব শেষ করতে হচ্ছে বেলামির দলকে।
মঙ্গলবার ঘরের মাঠে গ্রুপের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ওয়েলস। সেই ম্যাচ জিতলেও নরওয়ে কিংবা ডেনমার্ককে টপকে যাওয়ার সুযোগ নেই তাদের। দুই দলই ওয়েলসের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে। মুখোমুখি লড়াইয়ের ফলেও পিছিয়ে থাকায় তাদের ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়।
এ অবস্থায় আগামী মার্চে লিগ ‘বি’-এর কোনো দলের বিপক্ষে অবনমন প্লে-অফ খেলতে হতে পারে ওয়েলসকে।

