নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

