নারায়ণগঞ্জের ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে চালক ও তাঁর সহকারীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালকুড়ি কড়ইতলা এলাকায় সড়কের পাশে একটি পণ্যবাহী লরি দাঁড় করানো ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত লরিটির চাকায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে তারা।
আগুনের বিষয়টি বুঝতে পেরে লরির চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় যানবাহনটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এটি দুর্বৃত্তদের কাজ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা শুরু হয়েছে।

