ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ঔষধ আইনে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোগরাপাড়া কলেজ রোডের বলাকী ফার্মেসিকে ৩ হাজার টাকা, মাহমুদা ফার্মেসিকে ৫ হাজার টাকা, শিরিন ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং থানা রোডের আলভী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় চার দোকানদারের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদফতরের উপপরিচালক কে এম মুহসীনিন মাহবুব, ড্রাগ সুপার মো. কবির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

