শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সোনা ও স্বর্ণালংকার জাপানে প্রবেশ করানোর অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলী। এ ঘটনায় তাঁর সঙ্গে জাপানের গুনমা প্রিফেকচারের ওতা শহরের বাসিন্দা কোইচি তানাকাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে ফজর আলীকে ‘আলি ফাজার’ নামে উল্লেখ করা হয়েছে। তাঁর বয়স ৬১ বছর। অপরদিকে কোইচি তানাকার বয়স ৬৩ বছর।
জাপানের পুলিশ সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম এফএম গুনমা জানায়, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে জাপানে প্রবেশ করেন তানাকা। এ সময় তাঁর পোশাকের পকেটে সোনার মুদ্রা ও স্বর্ণালংকারসহ মোট ৬৯টি সামগ্রী পাওয়া যায়। তবে বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষের কাছে এসব পণ্যের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১ দশমিক ৮ কেজি। এর বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার জাপানি ইয়েন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের ধারণা, এই চালানের মাধ্যমে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগকর ফাঁকির পরিকল্পনা করা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ফজর আলী ও তানাকা আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। গুনমা প্রিফেকচারের বিভিন্ন দোকানে সোনা বিক্রির বিষয়েও তাঁদের যোগাযোগের তথ্য পেয়েছে তদন্তকারীরা। জাপানে প্রবেশের আগে ও পরে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণও সংগ্রহ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং ফজর আলী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তানাকার দাবি, কর ফাঁকি দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। অন্যদিকে ফজর আলী জানিয়েছেন, কথিত সোনা পাচারের ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফজর আলী। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

