দৈনিক উজ্জীবিত বাংলাদেশের মাল্টিমিডিয়া ইনচার্জ মোঃ রাকিবুল হাসানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার তালা ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার সেটআপ, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেলের মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, বুধবার সকালে পেশাগত কাজে তিনি বাসা থেকে বের হন। একই সময়ে তাঁর বাবা-মাও নিজ নিজ কর্মস্থলে চলে যান। এ সুযোগে বাসায় কেউ না থাকার বিষয়টি বুঝতে পেরে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান কম্পিউটার সেটআপ, স্বর্ণের আংটি ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, কাজ শেষে বাসায় ফিরে ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে তল্লাশি করে কম্পিউটার, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এতে পরিবারের সদস্যরা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় পড়েছেন।
রাকিবুল হাসান জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে দ্রুতই সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দিনের বেলায় বাসার তালা ভেঙে এমন চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

