বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের পরিচয় ও ত্যাগের মূল্যায়ন নিয়ে বিতর্ক সামনে এসেছে। এরই মধ্যে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে র্যালি ও সমাবেশ করেছেন তাঁর অনুসারী নেতাকর্মীরা। কর্মসূচি থেকে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রকৃত যুবদল হিসেবে মূল্যায়নের দাবি জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর মণ্ডলপাড়া পুল এলাকা থেকে র্যালিটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে মহানগর যুবদলের আওতাধীন তিনটি থানা ও চারটি ইউনিয়নের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ যুবদলের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন গণতন্ত্র ও দেশের স্বাধিকার রক্ষার আন্দোলনে ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজে যুবদলকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
তবে কর্মসূচির আলোচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনের পাশাপাশি গুরুত্ব পায় যুবদলের পরিচয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের প্রশ্ন।
সমাবেশে বক্তব্য দেওয়া নেতারা দাবি করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়। তাঁদের অভিযোগ, কিছু সুবিধাবাদী ব্যক্তি নিজেদের অবস্থান শক্ত করতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের চেষ্টা করছেন। আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বক্তারা আরও বলেন, যুবদলের নাম ব্যবহার করে কেউ যেন অনিয়ম, চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুতায় জড়াতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তাঁরা।
জোসেফের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বক্তব্যে স্পষ্ট হয়, তাঁরা দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি চান। একই সঙ্গে সংগঠনের পরিচয় ও নেতৃত্বের প্রশ্নে তাঁদের অবস্থানও তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তুষার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবুসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
উল্লেখ্য, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর পর্যায়েও পৃথক কর্মসূচি পালিত হয়েছে। ২৭ অক্টোবর জেলা যুবদলের পাশাপাশি মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বেও র্যালি অনুষ্ঠিত হয়। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নগরীতে একাধিক কর্মসূচির পাশাপাশি সংগঠনের নেতৃত্ব, সাংগঠনিক অবস্থান ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়গুলোও আলোচনায় এসেছে।

