জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেক কাটা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক নিয়ে বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছাত্রদলের এ নেতার যুবদলের সদস্য পদ না থাকলেও নিজেকে যুবদল নেতা জাহির করার অপচেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “কেউ যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে নেতা হওয়ার সুযোগ নেই। দলের ক্ষতি হয়, এমন কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, যারা নিজেদের যুবদল নেতা হিসেবে পরিচয় দেন। অথচ যুবদলের প্রাথমিক সদস্যপদও যাদের নেই, তারাও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা দিয়ে নিজেদের নেতা দাবি করেন। এদের নিজেদেরই লজ্জা পাওয়া উচিত।ভুঁইফোড় ও অখ্যাত ব্যক্তিকে যুবদলের লোক হিসেবে প্রতিষ্ঠিত করবেন না। এদের অনেকের অতীত ইতিহাস সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, যার প্রমাণ নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের তালিকাতেও রয়েছে।

