নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে জমে থাকা বর্জ্য অপসারণের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’। পচনশীল বর্জ্য, প্লাস্টিকের স্তূপ ও একটি মৃত কুকুরের পাশে বসে দুপুরের খাবার খান সংগঠনটির সদস্যরা। এভাবে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবসায়ী নেতা আহমেদুর রহমান তনুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদস্থলে দেখা যায়, দুপুরের রোদে প্লাস্টিক ও পচনশীল বর্জ্যের স্তূপের পাশে খাবারের থালা নিয়ে বসেছেন স্বেচ্ছাসেবীরা। সেখানে পড়ে থাকা একটি মৃত কুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ময়লার স্তূপের পাশেই রয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। বিপরীতে রয়েছে রাবেয়া জেনারেল হাসপাতাল। প্রতিদিন শত শত শিক্ষার্থী, রোগী ও পথচারীকে এই দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
কর্মসূচিতে আহমেদুর রহমান তনু বলেন, “সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে দিনের পর দিন ময়লার স্তূপ জমে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। নগরের বিভিন্ন স্থানে স্কুল ও মার্কেটের সামনেও এমন দৃশ্য দেখা যায়। দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এর মধ্যে এমন অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, অবিলম্বে এসব বর্জ্য অপসারণ করে নগরবাসীর জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
কর্মসূচির ব্যানারে নগরীর দৃশ্যমান নাগরিক সমস্যা সমাধানে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে বলা হয়, যেখানে ময়লার স্তূপ পরিষ্কার করা যাচ্ছে না, সেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো জটিল সমস্যা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে? পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ ও শক্তিশালী বাংলাদেশ’ গড়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। দ্রুত সমস্যা সমাধানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।”
শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে যত্রতত্র ময়লা না ফেলার ওপর গুরুত্ব দেন ইউএনও।

