ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিবকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে দলের দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করায় একটি মহল তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টায় নেমেছে।
বুধবার নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহানগর ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ আজিজুল ইসলাম রাজিব। বিএনপি ও অঙ্গসংগঠনের কঠিন সময়েও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তার অনুসারীরা।
তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও দমন-পীড়নের মুখেও রাজপথ ছাড়েননি রাজিব। দলের কর্মসূচি সফল করতে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন। এখন তাকে রাজনৈতিকভাবে থামিয়ে দিতে একটি চক্র পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।”
তারা আরও বলেন, আগামী দিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় শক্ত অবস্থানে রয়েছেন আজিজুল ইসলাম রাজিব। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তৃণমূলের অনেক নেতাকর্মীর সমর্থনও রয়েছে তার প্রতি। আর এ কারণেই তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাদের।
নেতাকর্মীদের ভাষ্য, রাজিবের বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, তার অধিকাংশই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, “দলের জন্য যিনি রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, তাকে বিতর্কিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।”
এ বিষয়ে আজিজুল ইসলাম রাজিবের ঘনিষ্ঠ কয়েকজন নেতা জানান, তিনি সবসময় সাংগঠনিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে আসছেন এবং দলের সিদ্ধান্তের বাইরে কখনও রাজনীতি করেননি। ভবিষ্যতেও দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলেও তারা উল্লেখ করেন।
তৃণমূল নেতাকর্মীরা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে ছাত্রদলের ত্যাগী নেতাদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

