শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের পরিবেশ সরেজমিনে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজার আয়োজন ঘুরে দেখেন এবং ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, প্রতিমার সাজসজ্জা, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। উৎসব চলাকালে পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা বহন করে এই উৎসব। সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধের চর্চায় দুর্গোৎসবের তাৎপর্য রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও উৎসবের আনন্দ সবার। সোনারগাঁসহ নারায়ণগঞ্জের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবারের দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।
জেলা প্রশাসকের পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

